Category: village marathon 2027 event

ভিলেজ ম্যারাথন ২০২৭-এর আনুষ্ঠানিক ঘোষণা, উন্মোচিত হলো নতুন লোগো

ঢাকা, ১২ আগস্ট ২০২৬
গ্রামীণ জনপদে স্বাস্থ্য সচেতনতা, আনন্দ ও সামাজিক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার অনন্য উদ্যোগ ভিলেজ ম্যারাথন এবার পা রাখতে যাচ্ছে তৃতীয় আসরে। ঈদুল ফিতর ২০২৭-এর পরের দিন অনুষ্ঠিত হতে যাওয়া ভিলেজ ম্যারাথন ২০২৭-এর আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেওয়া হয়েছে।

১২ আগস্ট ২০২৬, বুধবার রাজধানী ঢাকার রমনা পার্কে অবস্থিত একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভিলেজ ম্যারাথন ২০২৭-এর কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা প্রদান করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) অবসরপ্রাপ্ত পরিচালক, লেখক ও ভিলেজ ম্যারাথন আয়োজক টিমের উপদেষ্টা জনাব আবদুল মাজেদ

Village Marathon 2027 Events announcement logo unveiling

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিলেজ ম্যারাথন আয়োজক টিমের প্রধান জনাব মাসুম বিন ওহাব, টিম সমন্বয়ক ও হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং জনাব আমিনুর রহমান, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জনাব আল-মামুন বাপ্পিসহ আয়োজক টিমের অন্যান্য সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুষ্ঠানে ভিলেজ ম্যারাথন ২০২৭-এর বিভিন্ন পরিকল্পনা, প্রস্তুতি, প্রচারণা, অংশগ্রহণকারী ব্যবস্থাপনা, স্পন্সরশিপ এবং আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

উন্মোচিত হলো ভিলেজ ম্যারাথন ২০২৭-এর অফিসিয়াল লোগো

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ভিলেজ ম্যারাথন ২০২৭-এর অফিসিয়াল লোগো উন্মোচন। নতুন লোগোর মাধ্যমে ভিলেজ ম্যারাথনের গ্রামীণ শিকড়, দৌড়, তারুণ্য, স্বাস্থ্য ও উৎসবের আবহকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

২০২৫ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে ভিলেজ ম্যারাথন। ২০২৬ সালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও অনলাইন নিবন্ধনের মাধ্যমে আয়োজনটি ব্যাপক সাড়া পায়। নিবন্ধনের জন্য এক হাজারেরও বেশি মানুষ আগ্রহ প্রকাশ করেন। আয়োজকদের নির্ধারিত সক্ষমতা ১০০ থেকে বাড়িয়ে ২০০ করা হলেও শেষ পর্যন্ত প্রায় ৫০০ মানুষের উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

শিক্ষার্থী, কৃষক, পুলিশ কর্মকর্তা, অধ্যাপক, ব্যবসায়ী, বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ ও যুবকের অংশগ্রহণে ভিলেজ ম্যারাথন ইতোমধ্যে একটি ব্যতিক্রমী সামাজিক ও ক্রীড়া আয়োজন হিসেবে পরিচিতি তৈরি করেছে।

Village Marathon 2026 event 1

২০২৬ সালের আয়োজনটি অনলাইন ও অফলাইনে দুই লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আয়োজকদের লক্ষ্য, পর্যাপ্ত সহযোগিতা ও অংশীদারিত্ব নিশ্চিত করা গেলে ২০২৭ সালের আয়োজনকে আরও বৃহৎ পরিসরে নিয়ে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে স্বাস্থ্যকর জীবনযাপন ও দৌড়ের বার্তা পৌঁছে দেওয়া।

ভিলেজ ম্যারাথন ২০২৭-এর মূল লক্ষ্য—গ্রামের মানুষের জন্য আনন্দের একটি আয়োজনের মধ্য দিয়ে স্বাস্থ্যকর জীবনযাপনের প্রতি আগ্রহ তৈরি করা এবং তরুণ প্রজন্মকে দৌড় ও শারীরিক সক্রিয়তার সঙ্গে সম্পৃক্ত করা।

তৃতীয় আসরকে সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি ও পরিকল্পনার কাজ শুরু হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, সবার সহযোগিতায় ভিলেজ ম্যারাথন ২০২৭ আরও বড়, আরও আনন্দময় এবং আরও বেশি মানুষের অংশগ্রহণে একটি স্মরণীয় আয়োজন হয়ে উঠবে।

Read More