ভিলেজ ম্যারাথন ২০২৭-এর রুট নিয়ে আয়োজিত ব্যতিক্রমী ইভেন্টে সঠিক উত্তর দিয়ে জয়ী হয়েছেন রায়হান হোসেন।
ভিলেজ ম্যারাথন ২০২৭-কে কেন্দ্র করে মূল ম্যারাথনের পাশাপাশি নানান আনন্দদায়ক, জ্ঞানভিত্তিক ও সমাজহিতৈষী কার্যক্রম আয়োজনের পরিকল্পনা করেছে ভিলেজ ম্যারাথন আয়োজক টিম। এরই ধারাবাহিকতায় “ভিলেজ ম্যারাথন ২০২৭-এর রুট কোনটি হবে?”-এই প্রশ্নকে সামনে রেখে আয়োজন করা হয় ব্যতিক্রমী ইভেন্ট ‘আন্দাজে মারো ঢিল’।

ইভেন্টটিতে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন রায়হান হোসেন। বিজয়ী রায়হানের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার।
ভিলেজ ম্যারাথন ইতোমধ্যে যশোরের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে জায়গা করে নিয়েছে। প্রতিবছর যশোরসহ আশপাশের এলাকার মানুষ আগ্রহ ও উৎসাহ নিয়ে অপেক্ষা করেন এই ব্যতিক্রমী আয়োজনের জন্য।
প্রতিবছরের মতো এবারও ভিলেজ ম্যারাথন অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের পরের দিন। যশোরের মণিরামপুর ও যশোর সদর উপজেলার সীমান্তবর্তী কুয়াদা বাজার থেকে শুরু হয়ে ম্যারাথনের রুট ৭-৮টি গ্রামের মধ্য দিয়ে গ্রামের মেঠোপথ অতিক্রম করে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। গ্রামের প্রকৃতি, মেঠোপথ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভিলেজ ম্যারাথনকে অন্যসব ম্যারাথন আয়োজন থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
তবে এবার আয়োজক টিম শুধু মূল ম্যারাথন আয়োজনের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। ভিলেজ ম্যারাথনকে কেন্দ্র করে আরও বেশ কয়েকটি আনন্দদায়ক, শিক্ষামূলক ও সমাজকল্যাণমূলক ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে আয়োজন করা হয়েছে দুটি ইভেন্ট-জ্ঞানভিত্তিক ‘কুইজ প্রতিযোগিতা’ এবং রুট অনুমানের মজার আয়োজন ‘আন্দাজে মারো ঢিল’। দুটিতেই অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
এ বিষয়ে ভিলেজ ম্যারাথন আয়োজক টিমের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস বিভাগের প্রধান আল-মামুন বাপ্পি বলেন, “মূল ইভেন্টের আগে আরও কয়েকটি ইভেন্ট করার প্ল্যান আছে। সেগুলো খুবই চমৎকার ও সমাজের জন্য হিতকর ইভেন্ট। ধাপে ধাপে সেগুলোর ব্যাপারেও আপডেট আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে জানানো হবে।
আয়োজকরা মনে করছেন, মূল ম্যারাথনের পাশাপাশি এ ধরনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ভিলেজ ম্যারাথন শুধু একটি দৌড়ের আয়োজন নয়, বরং মানুষের অংশগ্রহণ, আনন্দ, সচেতনতা ও সামাজিক সম্পৃক্ততার একটি প্ল্যাটফর্ম হিসেবে আরও বিস্তৃত হবে।
ভিলেজ ম্যারাথন ২০২৭-এর পরবর্তী আয়োজনের আপডেট জানতে চোখ রাখুন ভিলেজ ম্যারাথনের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে।
