ভিলেজ ম্যারাথন ২০২৭-এর রুট ঘোষণা করেছে ভিলেজ ম্যারাথন আয়োজক টিম। বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় আয়োজক টিমের মিডিয়া ও কমিউনিকেশন্স প্রধান আল-মামুন বাপ্পি এবারের ম্যারাথনের রুট প্ল্যান ঘোষণা করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা হাজারো দৌড়প্রেমীর প্রতীক্ষার অবসান হলো।
২০২৭ সালের ভিলেজ ম্যারাথনে এথলেটরা আটটিরও বেশি গ্রামের ভেতর দিয়ে দৌড়াবেন। যশোর জেলার কুয়াদা বাজারের পূর্বমাথা থেকে শুরু হবে দৌড়। এরপর রুটটি ব্রাহ্মণডাঙ্গা গ্রাম, ভবানীপুর গ্রাম, ঢাকুরিয়া বাজার, বারপাড়া গ্রাম, বোয়ালিয়া ঘাট, বলিয়ানপুর, জামজামি হয়ে বাজুয়াডাঙ্গা গ্রামের কোলঘেঁষে কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হবে।

আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, এবারের পুরো রুটজুড়েই থাকবে গ্রামীণ বাংলাদেশের প্রকৃতি ও জনজীবনের বৈচিত্র্যময় অভিজ্ঞতা। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশের মধ্য দিয়ে দৌড়ানোর সময় রানাররা উপভোগ করতে পারবেন বিস্তীর্ণ ফসলের মাঠ, ছবির মতো সুন্দর গ্রাম, কালো পিচঢালা গ্রামীণ সড়ক, নির্মল বাতাস এবং স্থানীয় মানুষের উষ্ণ অভ্যর্থনা।
এর পাশাপাশি, একই সময়ে হাজারো আনন্দপ্রিয় মানুষের সঙ্গে দৌড়ানোর অভিজ্ঞতা ভিলেজ ম্যারাথনকে আরও বিশেষ করে তুলবে বলে মনে করছেন আয়োজকরা।
আল-মামুন বাপ্পি আগ্রহী রানারদের এখন থেকেই নিয়মিত অনুশীলনের মাধ্যমে নিজেদের প্রস্তুত করে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি প্রত্যাশা করেন, অংশগ্রহণকারীরা পর্যাপ্ত প্রশিক্ষণ নিয়ে ২০২৭ সালের ভিলেজ ম্যারাথনে অংশগ্রহণ করবেন এবং পুরো রুটের প্রাকৃতিক সৌন্দর্য ও উৎসবমুখর পরিবেশ উপভোগ করবেন।
